বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, "খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজরা দেশ ও জাতির শত্রু; তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। যারা এসব অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয়, তারা মূলত দেশ ও জাতিরই শত্রু।"
শনিবার (৩ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত মিছিলে সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন ব্যবসায়ী গুরুতর আহত হন।
ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে নূরুল ইসলাম বুলবুল বলেন, "বিকেল ৫টায় প্রকাশ্যে ব্যবসায়ীদের কুপিয়ে রক্তাক্ত করা হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। পুলিশের এই রহস্যজনক নীরবতা অত্যন্ত সন্দেহজনক। তাদের আচরণে মনে হচ্ছে পুলিশ জনগণের জন্য নয়, বরং সন্ত্রাসীদের স্বার্থে কাজ করছে।" তিনি হুশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে ব্যবসায়ী সমাজ পুলিশের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, "২০২৪-এর জুলাই বিপ্লবের চেতনায় ছাত্র-জনতা আজও ঐক্যবদ্ধ। খুনি ও চাঁদাবাজদের বিরুদ্ধে যেকোনো সময় মানুষ পুনরায় রাজপথে নেমে আসবে। সরকারের উচিত নিজেদের স্বার্থেই সন্ত্রাস দমনে 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর হওয়া।"
হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার সময় জামায়াত নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ও ডক্টর আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments