Image description

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর জাতীয় নির্বাচনে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার গঠন করার পর বিএনপি সেই সনদ বাস্তবায়ন থেকে সরে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণই এর জবাব দেবে।’

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল, তা দেশের মানুষ জানে। আন্দোলনের পর বিভিন্ন স্থান থেকে এসে নেতৃত্বের দাবি করলেই হবে না, সেই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্বও নিতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে নেতৃত্বের দাবি থেকেও সরে দাঁড়ানো উচিত।

নাহিদ ইসলাম সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জাতীয়তাবাদের নামে ব্যবসা, সীমান্তে হত্যাকাণ্ড, বিদ্যুৎ সংকট, বেকারত্ব ও মাদক সমস্যার কার্যকর সমাধান করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘শহীদ হাদি, কালীগঞ্জের ওমর ফারুকসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সব শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে।’

গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পথসভায় দলের সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, ঢাকা বিভাগীয় আহ্বায়ক সাইফুল্লাহ হায়দার, জেলা সদস্য সচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, প্রভাষক আফরিনা আক্তার, জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক মাহিব হোসেন রুদ্র, রিদওয়ান শেখসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিন কালীগঞ্জে পদযাত্রা ও পথসভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। দলটি জানিয়েছে, এ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।