Image description

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। এ সময় মঞ্চে দলটির শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ সমাবেশস্থলে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় বা আঘাতের গভীরতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে, সমাবেশের ওপর এই হামলার প্রতিবাদে ক্ষুব্ধ এনসিপি নেতাকর্মীরা রাতেই সাভার মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন। তারা অনতিবিলম্বে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

মানবকণ্ঠ/ডিআর