Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এখনো সংসদে সমাধানের সুযোগ রয়েছে। তবে তা না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরের একটি কনভেনশন হলে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে সরে এসেছে এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তার ভাষায়, “তাদের মুখে এক, অন্তরে আরেক। জনগণ তাদের ভিন্ন রূপ দেখতে পাচ্ছে।”

তিনি আরও বলেন, জনগণ জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সেই আত্মত্যাগের কথা ভুলে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একজন মন্ত্রী যদি সব বিষয়ে কথা বলেন, তাহলে অন্য মন্ত্রীদের ভূমিকা কী? তিনি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ‘সর্বমন্ত্রী’—এমন প্রশ্নও তোলেন তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, দলটি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে দ্বিচারিতা করছে। এতে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি তুলে ধরে ক্ষয়ক্ষতির হিসাবের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ জন্য সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য লিয়াকত আলী ভূঁঞা, এস এম কামাল উদ্দীন এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহ-সেক্রেটারি ফখরুদ্দীন মানিক।