জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে পরিচিত আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদের নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তিনি কবর জিয়ারত করেন। পরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নূরুল আমীন, চিকিৎসক ও সমাজসেবক ডা. এস এম খালিদুজ্জামান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল এবং সংগঠনের স্থানীয় নেতারা।
পরে নুরুল ইসলাম শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনও পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগ জাতির সংগ্রামের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর আত্মদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত সব শহীদের হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আবু সাঈদ, আলী রায়হান, মুগ্ধ, শান্ত, ওয়াসিম এবং শরীফ ওসমান হাদীসহ নিহতদের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
এছাড়া, জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্বপ্ন বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে ছাত্রশিবির কাজ চালিয়ে যাবে।




Comments