আওয়ামী লীগের বর্তমান তৎপরতাকে পার্শ্ববর্তী দেশের কূটনৈতিক তৎপরতা হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশকে চাপে রাখতে পার্শ্ববর্তী দেশ থেকে আওয়ামী লীগের তৎপরতায় উৎসাহ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াই আদর্শিক এবং ফ্যাসিবাদ, স্বৈরাচার ও চাঁদাবাজ শক্তির বিরুদ্ধে এ লড়াই অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী—এই পাঁচ জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত বিভাগীয় অঞ্চলভিত্তিক সমন্বয় সভার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ জীবন ও রক্ত দিয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ থেকে মুক্তি অর্জন করেছে। আওয়ামী লীগ পরাজিত হলেও দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদের সহযোগীরা রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। এসব শক্তির বিরুদ্ধে তাদের লড়াই চলমান রয়েছে বলেও জানান এনসিপির আহ্বায়ক।
তিনি বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও চাঁদাবাজ শক্তি বিভিন্নভাবে একাকার হয়ে গেছে। ফলে তাদের বিরুদ্ধে লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। দেশের মানুষকে এসব শক্তির প্রভাব থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
দেশে মাদক নির্মূলে মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, মাদকের খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করা হলেও সিন্ডিকেটের মূল হোতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদকের স্থানীয় কিংবা জাতীয় পর্যায়ের সিন্ডিকেট টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আগে আওয়ামী লীগের নেতারা মাদক সিন্ডিকেটকে প্রশ্রয় দিতেন, এখন বিএনপির নেতারা দিচ্ছেন। শুধু খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল সিন্ডিকেটকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান নাহিদ ইসলাম। আগামী নভেম্বর থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
তবে নির্বাচন কমিশন ও পুলিশের দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বিএনপি দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটের রায় এবং রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রক্ষা করা হচ্ছে না। রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে তাঁরা যখনই স্থানীয় পর্যায়ে যাচ্ছেন, তখনই ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে।
সারজিস আলমের অভিযোগ, নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এমন পরিস্থিতি গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে। স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ ও সাংগঠনিক প্রস্তুতি এগিয়ে নিতে দলীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। এতে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই, নির্বাচনী পরিকল্পনা ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
ডিআর

