Image description

জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা তার নামের আগে যুক্ত করলেন নতুন এক পরিচয়—‘ডক্টর’। সোমবার মধ্যরাতে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান, সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন।

মিথিলা তার পোস্টে বলেন, "খুবই আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলভাবে ডিফেন্স করেছি। এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক অধ্যায়ের সমাপ্তি।"

তিনি জানান, এই পিএইচডি অর্জন তার কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ একদিকে তিনি তার পেশাগত জীবন, অভিনয় এবং পারিবারিক দায়িত্ব সামলেছেন, অন্যদিকে পড়াশোনা চালিয়ে গেছেন। এই অভিজ্ঞতা তাকে দৃঢ়তা শিখিয়েছে এবং তার সহ্যক্ষমতার পরীক্ষা নিয়েছে।

মিথিলা তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যাদের সমর্থন তাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। এখন থেকে তিনি গর্বের সঙ্গে তার নামের আগে ‘ড.’ উপাধি ব্যবহার করতে পারবেন, যা তার নিরলস পরিশ্রমের ফসল।