বলিউড তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে সম্প্রতি একবারে নতুন ও ভিন্ন রূপে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কৌতূহল ও মুগ্ধতার সৃষ্টি করেছে। হিজাব পরে দীপিকা এবং শেখদের মতো ঐতিহ্যবাহী পোশাক ও লম্বা দাড়িতে রণবীরকে দেখা গেছে।
সাম্প্রতিক সময়ে রণবীর ও দীপিকার চলচ্চিত্র ক্যারিয়ার খুব একটা ভালো যাচ্ছে না। দীপিকা একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন, আর রণবীরের হাতেও গত দু’বছরে উল্লেখযোগ্য কোনো ছবি নেই, যদিও কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মাঝেই তাদের জীবনে এসেছে কন্যা দুয়ার জন্ম, যার বয়স সবে এক বছর। এমন ব্যস্ত সময়ের মধ্যেই এই তারকা দম্পতি তাদের নতুন লুকে ধরা দিলেন।
জানা গেছে, রণবীর ও দীপিকা সম্প্রতি আবু ধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এই প্রমোশনাল ভিডিওটিতে তারা শহরটির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান দর্শকদের দেখাচ্ছেন। বিশেষত, মেয়ে হওয়ার পর এটিই এই দম্পতির একসঙ্গে প্রথম কাজ। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানাতেই দীপিকা পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নিয়েছেন।
অভিনেত্রীর নতুন এই রূপ দেখে তার ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, ‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে।’ আবার কারো কারো মতে, ‘হিজাবে যেন আরও সুন্দর লাগছে দীপিকাকে।’ সবমিলিয়ে, রণবীর-দীপিকার নতুন এই লুক এখন নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে এবং আলোচনার জন্ম দিয়েছে।




Comments