ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সংকটাপন্ন অবস্থায় তার জন্য জরুরি ভিত্তিতে দুষ্প্রাপ্য ‘বি নেগেটিভ’ রক্তের প্রয়োজন হলে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি।
শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পর হাদির প্রচুর রক্তক্ষরণ হয়। চিকিৎসকরা জানান, তার জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে ‘বি নেগেটিভ’ রক্তের প্রয়োজন। বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত রক্তের সন্ধান চেয়ে পোস্ট দেন তার অনুসারীরা। খবরটি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে সাড়া দেয় বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীর সদস্যদের সহায়তায় দ্রুত রক্ত সংগ্রহ করে হাসপাতালে সরবরাহ করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর। তার মাথায় গুলি লেগেছে। বর্তমানে তিনি কোমায় আছেন।
নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন।




Comments