বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমের একটি আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। রাস্তায় নেতাকর্মীদের ভিড়ের মধ্যে অসুস্থ হামিমকে দেখতে পেয়ে নিজের গাড়ি থামিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন তারেক রহমান।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, তারেক রহমান গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে দেখতে পান। তাকে দেখা মাত্রই তারেক রহমান গাড়ি থামিয়ে জানালার গ্লাস নামিয়ে হামিমকে কাছে ডেকে নেন।
এ সময় তারেক রহমান হামিমের অসুস্থতার বিষয়ে জানতে চান এবং কেন এই শরীর নিয়ে তিনি এসেছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি হামিমকে বলেন, "তুমি সাবধানে বের হবে। পড়ে যেন না যাও।" প্রিয় নেতার এমন আন্তরিকতায় আপ্লুত হয়ে হামিম তার কাছে দোয়া প্রার্থনা করেন।
ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে হামিম লিখেছেন, "আমি গর্বিত প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এই দলে আমার কোনো পদের দরকার নেই, তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এই দলের পতাকাতলে থাকতে চাই।"
উল্লেখ্য, শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন সক্রিয় নেতা এবং গত ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ছিলেন। নেতার এই মানবিক আচরণ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments