বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে চারজন গবেষককে মহান মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে বাউবির গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নির্দেশনায় বাউবি’র পক্ষে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান।
চুক্তি স্বাক্ষর শেষে অধ্যাপক মো. আনিছুর রহমান গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সমৃদ্ধ ও প্রজ্বলিত করতে আপনাদের গবেষণাকর্ম গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরবর্তী প্রজন্ম যেন আমাদের গৌরবময় সংগ্রামের সঠিক, বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ ইতিহাস জানতে পারে, সেদিকে লক্ষ্য রেখে নির্ধারিত সময়ে গবেষণা প্রতিবেদন সম্পন্ন করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই।”
মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাফসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গবেষকবৃন্দ মহান মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় এমন মহৎ উদ্যোগ নেওয়ায় বাউবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এক বছর মেয়াদি এই গবেষণা কাজের জন্য নির্বাচিত প্রত্যেক গবেষক তিন লক্ষ টাকা করে বৃত্তি পাবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments