Image description

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’-এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সম্প্রতি সংগঠনটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য নির্বাচিত করা হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নীতিনির্ধারণী ভূমিকা পালন করে থাকে। উপাচার্যদের এই শীর্ষ সংগঠনের নেতৃত্ব এখন থেকে রুয়েট উপাচার্য প্রদান করবেন।

পরিষদটির প্রধান কার্যাবলির মধ্যে রয়েছে- শিক্ষার মান বজায় রাখতে নীতিমালা প্রণয়ন, গবেষণার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা, পাঠ্যক্রম আধুনিকীকরণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত সমন্বয় সাধন। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, সম্পদ ব্যবস্থাপনা এবং উচ্চশিক্ষা সংক্রান্ত আইন ও নীতিমালা প্রণয়নে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে থাকে এই পরিষদ।

ড. এস এম আব্দুর রাজ্জাক রুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এখন থেকে জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষার প্রসারে এই সংগঠনের মাধ্যমে নেতৃত্ব দেবেন। তাঁর এই অর্জনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমাজ ও রুয়েট পরিবার সন্তোষ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ দেশের উচ্চশিক্ষা খাতকে আরও আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

মানবকণ্ঠ/ডিআর