আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এতে মূলত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় উৎপাদিত পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা, বোয়িং বিমান কেনা, এবং জ্বালানি ও অন্যান্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের জানিয়েছেন, চুক্তির খসড়া অনুমোদনের জন্য সংশ্লিষ্ট সংস্থায় পাঠানো হয়েছে। অনুমোদন মিললে ৯ ফেব্রুয়ারি চূড়ান্ত স্বাক্ষর সম্ভব হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশে তুলা আমদানি ও তৈরি পোশাক রপ্তানির শুল্কমুক্ত সুবিধা গুরুত্বপূর্ণ। এছাড়া বোয়িং বিমান কেনা ও জ্বালানি খাতে আমদানির পরিকল্পনাও অন্তর্ভুক্ত। চুক্তিতে কোনো সামরিক যন্ত্রপাতি থাকবে না।
সচিব আরও জানান, বাংলাদেশের তৈরি পোশাক খাতে দক্ষতা এবং উৎপাদন ক্ষমতার কারণে ভারত বা অন্যান্য দেশের সঙ্গে এই দ্বিপাক্ষিক চুক্তি প্রতিযোগিতামূলক নয়, বরং পরিপূরক। এলডিসি থেকে উত্তরণের পর নতুন শুল্ক প্রবর্তন এবং বাণিজ্য সুবিধা হারানোর প্রেক্ষাপটে সরকার বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) নেগোসিয়েশন চালাচ্ছে, যার মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে।
বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। চলতি অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ৩৪৬ মিলিয়ন ডলারের তুলা আমদানি করেছে। বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রস্তাব রয়েছে, যার সম্ভাব্য খরচ ৫০ হাজার কোটি টাকা।
মানবকণ্ঠ/আরআই




Comments