মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
জামালপুরের মাদারগঞ্জে গণঅধিকার পরিষদে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শিক বিচ্যুতি এবং কেন্দ্রীয় নেতৃত্বের অস্থির সিদ্ধান্তের প্রতিবাদে দলটির বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর এক নির্বাচনি জনসভায় উপজেলা আমীর মাওলানা নুরুল আমিনের হাতে হাত দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এর আগে শনিবার রাতে মাদারগঞ্জ মডেল থানা সংলগ্ন একটি ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই গণ-পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর যে নীতি ও আদর্শ নিয়ে দল গঠন করেছিলেন, বর্তমান নেতৃত্ব সেই অবস্থান থেকে বিচ্যুত হয়েছে। বিশেষ করে জামালপুর-৩ আসনে প্রার্থী ঘোষণার মাত্র ১৫ মিনিটের মাথায় তা পরিবর্তন করার ঘটনায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, বর্তমানে দলে ‘চেইন অব কমান্ড’-এর চরম সংকট চলছে।
পদত্যাগকারী ও জামায়াতে যোগ দেওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— জেলা যুব অধিকার পরিষদের রবিউল মন্ডল, উপজেলা সভাপতি জাকিরুল ইসলাম জাকির, শাহিন আলম ও রেজাউল করিম হিরা। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও প্রবাসী অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী তাদের সাথে রয়েছেন।
সদ্য জামায়াতে যোগ দেওয়া নেতারা জানান, কেন্দ্রীয় নেতৃত্বের একগুঁয়েমি এবং তৃণমূলের দাবিকে গুরুত্ব না দেওয়ার প্রতিবাদেই তারা জামায়াতে ইসলামীর আদর্শের প্রতি সংহতি প্রকাশ করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের এই গণ-পদত্যাগ ও দলবদলের ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments