Image description

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, সরকার যদি মব সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়, তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এর প্রভাব পড়বে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই মন্তব্য করেন।

তিনি বলেন, মব সন্ত্রাসের উৎপত্তি শুরু হয়েছে প্রশাসনিক কেন্দ্র থেকে এবং এটি সরকারের নৈতিক ভিত্তিকে দুর্বল করেছে। নির্বাচনের সময় সহিংসতার ঝুঁকি কেবল ভোটের দিন নয়, পরবর্তী কয়েক দিনেও থাকতে পারে।

ড. ইফতেখারুজ্জামান অতীত নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সহিংসতা প্রতিরোধের প্রয়োজনীয়তা জোর দিয়েছেন। তিনি আরও বলেন, প্রকৃত জবাবদিহি নিশ্চিত করতে হলে হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও অর্থপাচারের দায়ীদের ন্যায়সংগত ও বিশ্বাসযোগ্যভাবে বিচার করা আবশ্যক।

এছাড়া সরকারের সম্প্রচার ও গণমাধ্যম কমিশন অধ্যাদেশকে সমালোচনা করে তিনি বলেন, মিডিয়ার স্বাধীনতা প্রভাবিত হচ্ছে এবং মিডিয়ার প্রতি ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় বিচারক নিয়োগ ও স্বাধীন বিচার বিভাগ সম্পর্কিত কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।

টিআইবি মনে করে, গণতান্ত্রিক সংস্কার সফল করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনগুলোকে রাজনীতিমুক্ত করার জন্য রাজনৈতিক দলগুলোর দৃঢ় অঙ্গীকার প্রয়োজন।

মানবকণ্ঠ/আরআই