পবিত্র শবে বরাত উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা এবং শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২ ফেব্রুয়ারি) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, শবে বরাত উপলক্ষে র্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থানে ইউনিফর্মধারী টহল জোরদার করা হয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্যাটিক ও মোবাইল ফোর্সের পাশাপাশি স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও ধর্মবিরোধী গুজব বা অপপ্রচার ঠেকাতে র্যাবের সাইবার মনিটরিং টিম সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।
শবে বরাত উপলক্ষে র্যাব ৩ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে র্যাবের কন্ট্রোল রুমের নম্বর ০১৭৭৭৭২০০২৯-এ যোগাযোগ করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments