বিএনপি-আওয়ামী লীগ উভয় দলই আমাদের আশ্রয় পেয়েছে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, “দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি আজ সাধারণ মানুষের আস্থার সংকটে পড়েছে। ক্ষমতার পালাবদলে এক দল আসে, আরেক দল পালায়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতের বিভিন্ন সংকটকালে বিএনপি কিংবা আওয়ামী লীগ—উভয় দলই আমাদের কাছে আশ্রয় পেয়েছে।”
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে ইসলামী আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখা আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বাঞ্ছারামপুর আসনের দলীয় প্রার্থী সাইদ উদ্দিন খাঁন জাবেদকে সৎ ও আদর্শবান উল্লেখ করে বলেন, “জাবেদ ভাই একজন নীতিবান মানুষ। একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। আমি বাঞ্ছারামপুরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাই—শান্তির প্রতীক ‘হাতপাখা’ গ্রহণ করে আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করুন।” তিনি আরও বলেন, দেশের কল্যাণে সৎ ও যোগ্য প্রার্থীদের সংসদে পাঠানো এখন সময়ের দাবি।
ইসলামী আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মো. শামসুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান আকর্ষণ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন খাঁন জাবেদ। তিনি বলেন, “নির্বাচিত হলে বাঞ্ছারামপুরের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমি সংসদে সোচ্চার থাকব। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন খাসনগরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, বাঞ্ছারামপুর উপজেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ কাজী মোহাম্মদ আলী এবং মুফতি সাজিবুল হক খায়েরী প্রমুখ।
বিকেলে মাওলাগঞ্জ বাজার মাঠটি কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments