Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতিকে উদ্দেশ্য করে ভাষণ দেবেন। দলটি আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় এই ভাষণ সম্প্রচারের পরিকল্পনা করেছে।

জামায়াত আমিরের ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতির জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-কে আনুষ্ঠানিক আবেদন দাখিল করেছে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই ভাষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দলটি আশা করছে প্রধান নির্বাচন কমিশনার জামায়াত আমিরের ভাষণ নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত অনুমোদন দেবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মানবকণ্ঠ/আরআই