Image description

ছবি: সংগৃহীত

আর্মেনিয়ায় নারীদের যৌন আকাঙ্ক্ষা ও অসন্তুষ্টির বিষয়টি গুরুত্ব দিয়ে ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে দেশটির নবগঠিত রাজনৈতিক দল ‘স্ট্রং আর্মেনিয়া’। দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান এই আলোচিত প্রস্তাবটি সামনে এনেছেন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ায় আগামী গ্রীষ্মকালীন নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে ‘স্ট্রং আর্মেনিয়া’ পার্টি। দলটির প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ানের দাবি, দেশটিতে মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনীতিতে অতিমাত্রায় সক্রিয় হওয়ার পেছনে অন্যতম কারণ হলো তাদের যৌন জীবনে অসন্তুষ্টি।

এই সমস্যার সমাধানের জন্য কোনো মন্ত্রণালয় গঠনের প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে কারাপেতিয়ান ইতিবাচক মত দেন। তিনি মনে করেন, এমন মন্ত্রণালয় গঠিত হলে তা কেবল নারীদের যৌন অসন্তুষ্টিই দূর করবে না, বরং আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলাতেও বড় ভূমিকা রাখতে পারে।

মূলত দেশটিতে ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের ধারণাটি প্রথম সামনে আনেন আর্মেনীয় সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান। তিনি ‘ট্রায়াঙ্গেল’ নামক একটি পডকাস্টে দাবি করেছিলেন, নারীরা তাদের ব্যক্তিগত জীবনের যৌন অসন্তুষ্টির কারণেই বর্তমানে রাজনীতিতে বেশি সক্রিয় হচ্ছেন।

উল্লেখ্য, প্রভাবশালী ব্যবসায়ী সামভেল কারাপেতিয়ানের গ্রেপ্তারের পরই ‘স্ট্রং আর্মেনিয়া’ দলটি গঠিত হয়। আগামী ১২ ফেব্রুয়ারি দলটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করবে। ধারণা করা হচ্ছে, সামভেলের ভাতিজা নারেক কারাপেতিয়ানই হতে পারেন তাদের প্রার্থী।

আগামী জুনে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ১৩ শতাংশ সমর্থন নিয়ে ‘স্ট্রং আর্মেনিয়া’ দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন ‘সিভিল কন্ট্রাক্ট পার্টি’ ১৭ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে আছে। তবে জরিপে বলা হয়েছে, দেশটিতে এখনো প্রায় অর্ধেক ভোটার কোনো রাজনৈতিক দলের পক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

মানবকণ্ঠ/ডিআর