নির্বাচনী দায়িত্বে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান সেনাপ্রধানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শনকালে সেনাপ্রধান এ আহ্বান জানান। এ সময় তিনি সিনিয়র সামরিক কর্মকর্তা, ঢাকা মহানগরসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
আইএসপিআর জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃসংস্থা সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সেনাপ্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদার আচরণ, নিরপেক্ষতা, ধৈর্য, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব মনোভাব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।
এ সময় ‘বেসামরিক প্রশাসনকে সহায়তায়’ নিয়োজিত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বৈঠকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা ও সাভার এলাকার সিনিয়র সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর আরও জানায়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সব সংস্থার মধ্যে আন্তঃবাহিনী ও আন্তঃসংস্থা সমন্বয় জোরদারের লক্ষ্যে ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে সেনাপ্রধান দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের মতবিনিময় সভা করে আসছেন। এর অংশ হিসেবে তিনি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভারে বৈঠক করেছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments