শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির সভায় এ নির্দেশনা দেন তিনি।
সভায় প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তবে সনদ জালিয়াতি ও প্রতারণার কারণে দেশের শ্রমশক্তির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, যা বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের ব্র্যান্ড ইমেজ নিশ্চিত করতে এবং চাকরিদাতারা যেন বলেন বাংলাদেশ থেকে যেসব কর্মী এসেছে তারা দক্ষ ও বিশ্বস্ত, এজন্য অভিন্ন মানের সনদ ব্যবস্থা চালু করা জরুরি।
সভায় বিগত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সমন্বিত দক্ষতা ইকোসিস্টেম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়, যা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমের অভিন্ন কারিকুলাম ও মানদণ্ড নিশ্চিত করবে।
এ ব্যবস্থা চালু হলে আন্তর্জাতিক বাজারে সনদের মান ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে, সরকারি অর্থের অপচয় কমবে এবং শিল্প খাতে শ্রমিকের চাহিদা নিরূপণ ও পরিকল্পনা সহজ হবে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, নৌপরিবহণ, শ্রম ও কর্মসংস্থান, শিল্প, গৃহায়ন ও স্থানীয় সরকার উপদেষ্টা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments