Image description

ফ্রান্সের কাছ থেকে ১১৪টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ প্রকল্পের জন্য প্রাথমিকভাবে বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, আগামী ১৮–২০ ফেব্রুয়ারি ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার সফরের আগেই রাফাল ক্রয়সংক্রান্ত সব দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে চায় ভারত সরকার।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী সপ্তাহে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, ১১৪টি রাফালের মধ্যে ১৮টি বিমান সরাসরি ফ্রান্স থেকে তৈরি অবস্থায় পাবে ভারত। বাকি বিমানগুলো দেশেই উৎপাদন করা হবে এবং সেগুলোতে ভারতীয় প্রযুক্তির ব্যবহার থাকবে। এসব বিমানের মধ্যে ৮৮টি হবে এক আসনবিশিষ্ট এবং ২৬টি দুই আসনবিশিষ্ট।

রাফাল যুদ্ধবিমান বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী ফাইটার জেট হিসেবে পরিচিত। এটি ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় অপারেশন চালাতে পারে। একই সঙ্গে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও ভারী অস্ত্র বহনে সক্ষম এই বিমান।

এর আগে ২০২০ সালের জুলাই থেকে এখন পর্যন্ত ভারত ফ্রান্স থেকে পর্যায়ক্রমে ৩৬টি রাফাল যুদ্ধবিমান গ্রহণ করেছে, যার মধ্যে ৮টি ছিল দুই আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মানবকণ্ঠ/আরআই