আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এই তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর সূত্র জানায়, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে মোট তিন দিন এই স্থলবন্দর দিয়ে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। টানা তিন দিনের এই বিরতি শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
এ বিষয়ে হিলি স্থলবন্দর পানামা পোর্ট লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, নির্বাচন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারের ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম থাকবে। শুধুমাত্র ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে পরদিন ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। এর বাইরে অন্য সময়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments