ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রামে প্রতিদ্বন্দ্বীতা করেও নিজেকে ভোট দিতে পারছেন না বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবু সুফিয়ান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খসরু চট্টগ্রাম-১১ (বন্দর ও পতেঙ্গা) আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন। তিনি ভোটার হিসেবে পৈত্রিক নিবাস উত্তর কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেবেন। কেন্দ্রটি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও মহানগর আংশিক) আসনে।
আমীর খসরুর মূল প্রতিপক্ষ জামায়াতের শফিউল আলম। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। শফিউল নিজ আসনের দক্ষিণ হালিশহর মুন্সিপাড়া কেন্দ্রে ভোট দেবেন।
অন্যদিকে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সুফিয়ান ধানের শীষের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি ও বাকলিয়া) আসনে লড়লেও ভোট দেবেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চট্টগ্রাম মহানগর আংশিক) আসনের সিডিএ উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে।
সুফিয়ানের মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. এ কে এম ফজলুল হক। তিনি জামাল খানের ডা. খাস্তগীর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
এছাড়া, চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারির বানু বাজার মাদরাসা-ই-মোহাম্মদিয়া আহম্মদিয়া আলিয়া কেন্দ্রে ভোট দেবেন। তার মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ার সিদ্দিক ভোট দেবেন উত্তর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ লড়ছেন জামায়াতের ডা. মো. আবু নাছের এবং ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়্যদ মুহাম্মদ হাসানের বিপক্ষে। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ ভোট দেবেন পুরাতন চান্দগাঁও থানার সরাফাত উল্লাহ পেট্রল পাম্প-সংলগ্ন কেন্দ্রে।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের ধানের শীষের প্রার্থী মীর হেলাল তার পৈতৃক বাড়ি হাটহাজারীর মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক) আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির শাহজাহান চৌধুরী সাতকানিয়া ছমদরপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। ওই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজমুল মোস্তফা আমীন ভোট দেবেন লোহাগাড়ার সুখছড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রে।




Comments