Image description

ভোটগ্রহণ ও ভোট গণনা পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গণভোট ও নির্বাচন উপলক্ষে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সিইসি জানান, ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন। দেশি ও বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের নির্ধারিত নীতিমালা মেনে কাজ করবেন বলেও উল্লেখ করেন তিনি। তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন নির্বাচনের প্রকৃত চিত্র তুলে ধরবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সিইসি।

নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। ভোটের প্রতিটি ধাপ ভোটগ্রহণ থেকে গণনা পর্যন্ত স্বচ্ছতা বজায় রাখা হবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

মানবকণ্ঠ/আরআই