মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী। এতে দেখা গেছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ এক বছরে দিগুণ বেড়েছে।
২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। এক বছর পর ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ এক বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা।
অন্যদিকে, মোস্তফা সরয়ার ফারুকীর সম্পদ একই সময়ে কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা; ২০২৪ সালের ৩০ জুন তার সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ০২৬ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ০২৬ টাকায়।
তালিকায় আরও দেখা গেছে, বেশিরভাগ উপদেষ্টার সম্পদ বেড়েছে। তবে ফারুকীর পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা, এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ কমেছে ১৬ লাখ ৩৫ হাজার টাকা।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার এখনও বহাল রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর উপদেষ্টা পরিষদ দায়িত্ব হস্তান্তর করতে পারে।
মানবকণ্ঠ/আরআই




Comments