Image description

টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো দেখা গেল ‘ডাবল সুপার ওভার’। আহমেদাবাদে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে দ্বিতীয় সুপার ওভারের শেষ বলে নাটকীয় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানকে ৪ রানে হারিয়ে অবিশ্বাস্য এক ম্যাচের ইতি টানে প্রোটিয়ারা।

টস হেরে আগে ব্যাট করে রায়ান রিকেলটন ও কুইন্টন ডি ককের ঝোড়ো ফিফটিতে ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা। রিকেলটন ২৮ বলে ৬১ এবং ডি কক ৪১ বলে ৫৯ রান করেন। শেষদিকে ডেভিড মিলার ও মার্কো জানসেনের ছোট কিন্তু কার্যকর ইনিংসে বড় সংগ্রহ পায় দলটি।

জবাবে আফগানিস্তানও দুর্দান্ত লড়াই করে। রহমানউল্লাহ গুরবাজ ৪২ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে দুই দলই ১৮৭ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

প্রথম সুপার ওভারেও নাটক কম হয়নি। আফগানিস্তান তোলে ১৭ রান। জবাবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ টাই করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ফলে খেলা গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।

দ্বিতীয় সুপার ওভারে মিলার ও স্টাবসের তিন ছক্কায় ২৩ রান তোলে প্রোটিয়ারা। জয়ের জন্য ২৪ রানের লক্ষ্য পায় আফগানিস্তান। শেষ ওভারে গুরবাজের তিন ছক্কায় উত্তেজনা চরমে ওঠে। শেষ বলে দরকার ছিল ছক্কা, কিন্তু কেশব মহারাজের বলে ক্যাচ আউট হন তিনি। ফলে ৪ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

রুদ্ধশ্বাস এই লড়াই টি–টোয়েন্টি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

মানবকণ্ঠ/আরআই