Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে অন্তত ১২৭টি নিয়মবহির্ভূত ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত আত্মত্যাগের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লড়াইয়ে যুক্ত থাকা সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নেবে বলে বিএনপি আশা করলেও বিজয়ের আকাঙ্ক্ষায় অনেকে ‘অনৈতিক ও বেআইনি পথ’ বেছে নিয়েছে।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সৈয়দপুর বিমানবন্দরে একজন জামায়াত নেতার কাছ থেকে ৭৪-৭৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে, যা ভোট কেনার জন্য নেওয়া হচ্ছিল বলে সংবাদমাধ্যমে এসেছে। 

এ ছাড়া শরীয়তপুরে সাড়ে সাত লাখ টাকা, রাজধানীর বিভিন্ন স্থানসহ মুরাদনগর, নেত্রকোনা ও পটুয়াখালীতে টাকা বিতরণের সময় বেশ কয়েকজন জামায়াত কর্মীকে আটক ও কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।

নজরুল ইসলাম খান আরও অভিযোগ করেন, ঝিনাইদহ-৪ আসনে সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট পাওয়া গেছে, যা পরবর্তীকালে ম্যাজিস্ট্রেট জব্দ ও ধ্বংস করেন। নারায়ণগঞ্জে একজন প্রিসাইডিং অফিসারের সহায়তায় ব্যালটে সিল মারার চেষ্টার অভিযোগও তিনি তুলে ধরেন।

হিন্দুধর্মাবলম্বীদের ভোট না দিলে ‘ভিটায় পা রাখতে দেওয়া হবে না’ বলে হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া নীলফামারীতে সংখ্যালঘু পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি।
 
রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রশিক্ষিত না হওয়া সত্ত্বেও ৩৩০ জনকে টাকার বিনিময়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগও করেন তিনি।

বিএনপির নেতা শহীদ উদ্দীন চৌধুরীর (এ্যানি) গাড়িতে বিপুল অর্থ উদ্ধারের খবরকে ‘ভুল তথ্য’ ও ‘অপপ্রচার’ বলে দাবি করেন নজরুল ইসলাম খান।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে এই বিএনপি নেতা বলেন, ‘জনগণের সমর্থন নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই।’ তিনি দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে অধিকার আদায়ের জন্য এত লড়াই করা হয়েছে, তা রক্ষায় সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি নেতা-কর্মীদের পালাক্রমে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার এবং ফলাফল হাতে না নিয়ে কেন্দ্র ত্যাগ না করার নির্দেশ দেন।