Image description

বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দীর্ঘদিন পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহদী আমিন।

পরাজয়ের শঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে বলেও উল্লেখ করেন মাহদী আমিন। 

তিনি বলেন, 'সংগঠিত ঘটনাগুলো নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।'

নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশব্যাপী বেশ কিছু জায়গায় কিছু অসংগতি, কারচুপি এবং সহিংসতা ঘটেছে উল্লেখ করে মাহদী আমিন অভিযোগ করেন, হাতিয়ায় ইতিমধ্যে আমাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি আমরা কর্তৃপক্ষের দৃষ্টিতে এনেছি। সেখানে অনেক ধরনের সহিংসতা করছে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল।