ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খানখান করে দেব: নাসীরুদ্দীন পাটওয়ারীর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে বিএনপি নেতা মির্জা আব্বাসের ‘রাজত্ব খানখান’ করে দেওয়া এবং বিএনপিকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আজ রাজধানীর রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন তিনি। এমনকি সেনাবাহিনীর সামনেই তার ‘মাথায় আঘাত’ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সেনাবাহিনীর সামনেই আমাদের ওপর আঘাত করা হয়েছে। পরে আমরা অভিযোগ জানালে তারা আমাদের উদ্ধার করে পাঠিয়ে দেয়। বিশেষ করে রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় এবং মির্জা আব্বাস মহিলা কলেজ—এই দুটি কেন্দ্রে ভোট ডাকাতির মহোৎসব চলছে। তারা গায়ে পড়ে আমাদের সঙ্গে মারামারি করে ঢাকা-৮ আসনের নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।”
মির্জা আব্বাসকে উদ্দেশ করে তিনি বলেন, “যদি হারার ভয় পান, তবে খেলায় থাইকেন না। কিন্তু ভোট বানচাল করবেন না। অনেক মানুষ জীবন দিয়ে এই গণতন্ত্র রক্ষা করেছে।”
তিনি আরও যোগ করেন, “এতক্ষণ আমাদের ওপর আঘাত আসলেও আমরা পাল্টা আঘাত করতে চাইনি। কিন্তু এখন সময় প্রতিরোধের। আমাদের মারতে আসলে এবার উল্টো পক্ষকেও মার খেতে হবে। যদি ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হয়, তবে আল্লাহর কসম করে বলছি, মির্জা আব্বাসের রাজত্ব আমরা খানখান করে দেব, তছনছ করে দেব। জয়ী হই বা না হই, বিএনপি নামক দলটিকে আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেব।”
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী গণতন্ত্র রক্ষার স্বার্থে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান এবং প্রশাসনের কাছে ভোট ডাকাতি বন্ধে কঠোর পদক্ষেপ দাবি করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments