বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে বিজয় এলে দলীয় কর্মী-সমর্থকদের মিছিল বা স্লোগানে না গিয়ে মহান আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়তে হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। শফিকুর রহমান লিখেছেন, মহান রাব্বুল ইজ্জত যদি তাঁর একান্ত মেহেরবানিতে মজলুমদের বিজয় দান করেন, তাহলে মিছিল, স্লোগান বা উচ্ছ্বাস নয়—সবাই সিজদায় পড়ে আল্লাহ তাআলার শোকর আদায় করবে। একই সঙ্গে জাতির কল্যাণে কাজ করার জন্য মহান রবের সাহায্য কামনা করার কথাও উল্লেখ করেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর কোথাও কম, কোথাও বেশি উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
ভোটগ্রহণ শেষ হওয়ায় এখন সবার নজর ফলাফল ঘোষণার দিকে।
মানবকণ্ঠ/আরআই




Comments