Image description

দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের প্রশ্নে ঐতিহাসিক গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে এখন চলছে কেন্দ্রভিত্তিক গণনা। রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-৮ আসনের ১২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত প্রাপ্ত ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা আব্বাস পেয়েছেন ৭ হাজার ৪২৩ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট। এই ১২টি কেন্দ্রের হিসেবে মির্জা আব্বাস ৯২৬ ভোটে এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সারা দেশ থেকে আসা কেন্দ্রভিত্তিক ফলাফলগুলো সমন্বয় করে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এবারের নির্বাচনের বিশেষ দিক ছিল সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোট। ভোটাররা সংবিধানের আমূল পরিবর্তনের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ব্যালটের মাধ্যমে তাদের রায় দিয়েছেন।

এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। বিকেলের পর থেকে বিভিন্ন আসন থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল আসা শুরু হওয়ায় দেশজুড়ে রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।

মানবকণ্ঠ/ডিআর