উগ্রবাদী জামায়াতের উত্থানে পেছনে আওয়ামী লীগ দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।
শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের তাতীপাড়াস্থ্য নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনি গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কন্ঠ রুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠে এবং সেটাই এদেশে হয়েছে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামের, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন-পীড়নমূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া। তাদেরকে ইনিসিয়েট করতে না দেওয়া, তার কারণে এমন হয়েছে।
তিনি বলেন, ‘বিএনপির ভূমিধ্বস বিজয় জনগণের ভালোবাসা। বিএনপি জনগণের দল। বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। সবসময় জনগণের রাজনীতি করেছে। জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। অন্তর্বর্তী সরকার বলেছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা বলেছিলাম যে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের সঙ্গে নিয়েই আমরা নির্বাচন করেছি, তাদের সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকারও গঠন করব।’
সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির দেয়া ৩১ দফাকে বিস্তৃত করবো। এরইমধ্যে সংস্কার কমিশনে আমরা অনেকগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছি, এগুলোই আমাদের সামনে আসবে। আমরা জুলাই সনদে যা যা সই করেছি, সেগুলো আমরা সবগুলো পূরণ করব।’
তিনি বলেন, ‘আমরা সবাই যেমন আনন্দে রয়েছি, তেমনি আমাদের দুঃখও-বেদনা রয়েছে। দীর্ঘকালের আমাদের নেত্রী, যিনি সারাজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, অধিকারের জন্যে, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন—এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার।’
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় নেতা-কর্মীরা।




Comments