Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনে ব্যতিক্রমী লড়াইয়ে বড় ভাইকে হারিয়ে জয় পেয়েছেন ছোট ভাই। এ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২১০ ভোট।

মোস্তাফিজুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর বড় ভাই ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজিজুর রহমান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। তাঁদের মধ্যে মোট ভোটের ব্যবধান ২৩ হাজার ৭৮৭টি।

ফলাফল ঘোষণার পর শুক্রবার মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জনকণ্ঠকে বলেন, রাজনীতির মাঠে তাঁর বড় ভাই গুরুজন। তাঁকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন পরিকল্পনা করতে চান। এ জয়-পরাজয় যেন পারিবারিক সম্পর্কে কোনো প্রভাব না ফেলে-এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে রাত তিনটার দিকে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সব আসনের ফল ঘোষণা করেন।

কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বেসরকারিভাবে জামায়াত প্রার্থীর জয়ের বিষয়টি নিশ্চিত করেন।