ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর জাতীয় পার্টি (জাপা) ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে রংপুর জেলায়। দলটির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে এবার একটিও আসন পায়নি লাঙল প্রতীকের প্রার্থীরা।
সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিলেও কোথাও জয় পায়নি দলটি প্রতিষ্ঠার চার দশকের বেশি সময়ে এমন ফলাফল আগে দেখেনি জাপা।
নির্বাচনের ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ছবি। সেখানে দেখা যায়, সামনে একটি লাঙল রেখে জানাজার নামাজ আদায় করা হচ্ছে। কয়েকটি ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে দাবি করা হয়, “রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হলো।”
তবে ছবিটির সময়, স্থান বা সত্যতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তা সত্ত্বেও এটি ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, দলটির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ আসনে তৃতীয় হয়েছেন। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় অবস্থানে রয়েছেন।
দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর বাড়ি রংপুর শহরে হওয়ায় এ অঞ্চলে দীর্ঘদিন ধরেই লাঙল প্রতীকের শক্ত অবস্থান ছিল। তবে এবার সেখানে বাজিমাত করেছে জামায়াত।
রংপুরে লাঙলের এই পরাজয় এবং তা ঘিরে প্রতীকী প্রতিবাদের ঘটনা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মানবকণ্ঠ/আরআই




Comments