নতুন সরকার শপথ গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন না। তবে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন। রাজনৈতিক দলগুলোর অনুরোধে এবার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। এছাড়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে শুধুমাত্র সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নতুন মন্ত্রিসভায় যারা আসছেন তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘নতুন সরকার যদি আমাদের কাছে কোনো বিষয়ে সহযোগিতা চায়, আমরা তা করতে প্রস্তুত আছি। একটি সংকটময় মুহূর্তে আমরা দেশের হাল ধরেছিলাম এবং দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। আমাদের ১৮ মাসের কাজের মূল্যায়ন জনগণই করবে।’
এদিন ক্যাবিনেট বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে তিনি জানান, নির্বাচন নিয়ে সাধারণ মানুষ ও বিদেশি রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া নির্বাচনের পর হামলার শিকার হওয়া এক নারীর সঙ্গে সরকারের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করে তাকে সর্বোচ্চ ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের দেশত্যাগ নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ফয়েজ তৈয়্যবের করা সংস্কার কাজ অনেকের পছন্দ হয়নি। এ কারণে একটি নির্দিষ্ট গোষ্ঠী তার চলে যাওয়া নিয়ে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে তিনি রাষ্ট্রীয় কাজ শেষে পরিবারের কাছে ফিরে গেছেন, একে ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ নেই।
মানবকণ্ঠ/ডিআর




Comments