শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: আইন উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: আইন উপদেষ্টা
রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানান।
এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, মঙ্গলবারের শপথ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন বলে আশা করা হচ্ছে। সংসদ সদস্যদের শপথের পর বেলা সাড়ে ১১টা থেকে ১২টার দিকে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। এরপর বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।
আসিফ নজরুল বলেন, ‘বিএনপির ইচ্ছাপ্রকাশের প্রেক্ষিতেই এবার সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রথা অনুযায়ী যেসব অতিথিদের আমন্ত্রণ জানানোর কথা, মন্ত্রিপরিষদ বিভাগ তা দেখছে। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।’ তবে কোনো দেশের প্রধানমন্ত্রীকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।
বিদায়ী বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আজ আমাদের শেষ বৈঠক ছিল। বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আমাদের কাজ ও অভিজ্ঞতা বিনিময় করেছি এবং শপথের প্রস্তুতি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments