Image description

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি মনে করেন, শপথ হয়ে গেলে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনাগুলো বন্ধ হবে এবং পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় সরকার প্রধান এবং দলীয় প্রধান এক ব্যক্তি হতে পারবেন না—বিএনপির এই নীতিগত সংস্কার বা শর্তের বিষয়ে দলের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে এ্যানী চৌধুরী বলেন, শপথ গ্রহণের আগেই এ বিষয়ে দলের পক্ষ থেকে সব কিছু পরিষ্কার করা হবে।

তিনি আরও জানান, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে মিলে তিনি নিজে শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সব ধরনের সমন্বয় ও প্রস্তুতির কাজ তদারকি করছেন। এ বিষয়ে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।

এ্যানী চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন যে, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাগুলো দ্রুত শেষ হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে এবং জনমনে স্বস্তি ফিরবে।

মানবকণ্ঠ/ডিআর