Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেয় সৌধ কর্তৃপক্ষ।

স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যেকোনো দিন স্মৃতিসৌধে আসবেন। তাদের এই বিশেষ রাষ্ট্রীয় কর্মসূচি সফল করতে এবং সৌধ প্রাঙ্গণকে ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজাতে সাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে সৌধ প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে।

গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কবে নাগাদ শ্রদ্ধা নিবেদন করবেন তার চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে তারা যেদিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করবেন, সেদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। রাষ্ট্রীয় কর্মসূচি শেষ হওয়ার পরপরই আবারো সাধারণ দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে।