Image description

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তীক্ষ্ণ সমালোচনা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ‘আমজনতার দল’-এর সদস্যসচিব মো. তারেক রহমান। হাতিয়ায় ধর্ষণের ঘটনা নিয়ে জামায়াত আমীরের দেওয়া ইংরেজি পোস্টকে ‘গুজব’ ও ‘দেশবিরোধী ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিক্রিয়ায় মো. তারেক রহমান বলেন, ‘জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্ট দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। একজন রাজনৈতিক দলের আমীরের কি নূন্যতম কমনসেন্স নেই। তিনি বিদেশিদের দেখানোর উদ্দেশ্যে হাতিয়ার একটি ঘটনা নিয়ে ইংরেজিতে পোস্ট করে গুজব ছড়াচ্ছেন। এর মাধ্যমে তিনি কি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে তুলে ধরতে চান। তার এই অপতৎপরতার আসল ধান্ধাটা কী।’

জামায়াত আমীরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তারেক রহমান আরও বলেন, ‘তিনি যদি একাত্তরের গোলাম আযমের ভূমিকায় অবতীর্ণ হতে চান, তবে আমরাও স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরাও মুক্তিযোদ্ধাদের ভূমিকায় অবতীর্ণ হবো। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার; এ ধরনের গুজববাজ ও দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

তিনি আরও অভিযোগ করেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ আকর্ষণ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। এ সময় তিনি জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার এবং গুজব প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মানবকণ্ঠ/ডিআর