Image description

পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। ইতোমধ্যে দেশের মাদ্রাসা ও কলেজগুলোতে গতকাল বুধবার থেকেই ছুটি কার্যকর হয়েছে।

গতকাল বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশোধিত তালিকা অনুযায়ী, আজ থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। এ বছর ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত ২৮ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৯ মার্চ রোববার থেকে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হবে।

অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আগের প্রজ্ঞাপন অনুযায়ী, মাদ্রাসাগুলোতে গত ১৫ ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হয়েছে, যা চলবে ২৬ মার্চ পর্যন্ত। এসব প্রতিষ্ঠানেও যথারীতি ২৯ মার্চ থেকে ক্লাস শুরু হবে।