Image description

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে তিনি আমেরিকান জনগণের পক্ষ থেকে এ অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ–এর অংশীদারিত্ব পারস্পরিক সম্মান ও একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

চিঠিতে পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকার হবে বলে প্রত্যাশা জানানো হয়। পাশাপাশি, বিদ্যমান প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য উচ্চমানের মার্কিন সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

চিঠির শেষাংশে দুই দেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা থাকার কথাও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে জাতীয় নির্বাচনে জয়লাভ করেন।

মানবকণ্ঠ/আরআই