আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক সকল আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আখতার হোসেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বর্তমানে ট্রাইব্যুনালে বিচার চলমান দুটি মামলার সাক্ষী হিসেবেও তালিকাভুক্ত রয়েছেন।
এমপি আখতার হোসেন বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এ ইতোমধ্যে তিনটি মামলার রায় হয়েছে, কিন্তু এখনো দণ্ড কার্যকর হয়নি। একটি মামলায় দণ্ডিতদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন। যারা বিদেশে পলাতক আছেন, তাদের সবাইকে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করা এখন বর্তমান সরকারের দায়িত্ব। আমি আশা করি, বিএনপি সরকার এই গুরুদায়িত্ব পালন করবে।’
তিনি আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের প্রতিটি মামলায় পলাতকদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নতুন সরকারের কাছে আমার আহ্বান, কোনোভাবেই যেন এই বিচারের গতি মন্থর না হয়। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে দণ্ডিতদের সাজা কার্যকর করা অপরিহার্য।’
এদিন তিনি নিজের সাক্ষ্যগ্রহণের সম্ভাব্য তারিখ এবং চলমান বিচারিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে ট্রাইব্যুনালে আসেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments