Image description

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। আগামী ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে দেশের কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এসময় তার পাশে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, "নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রদান করা। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। পর্যায়ক্রমে তা সারা দেশে চালু হবে।" তবে ভাতার পরিমাণ কত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে দ্রুতই টাকার পরিমাণ চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, শনিবার ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। এদিন তিনি প্রথমবারের মতো তেজগাঁওস্থ কার্যালয়ে অফিস করেন। অফিসে প্রবেশের আগে তিনি কার্যালয়ের অনেক পুরনো কর্মজীবীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে সরকারের পলিসি কার্যক্রম ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর