অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব সম্পন্ন করার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরও তিনি আপাতত সেখানেই দিনাতিপাত করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী দায়িত্ব ছাড়ার পর আরও তিন মাস যমুনায় থাকার সুযোগ থাকলেও ড. ইউনূস দ্রুতই এটি ছেড়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর এই আগ্রহের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনা পরিদর্শন করেছে।
ড. ইউনূসের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, মাস খানেক পর বা পবিত্র ঈদুল ফিতরের পর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরে যেতে পারেন।
ড. ইউনূসের ঘনিষ্ঠ এক সহযোগী জানিয়েছেন, তিনি বর্তমানে ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে ফেরার সাংগঠনিক কাজ ও প্রয়োজনীয় নথিপত্র গোছাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিশেষ করে তরুণদের জন্য নতুন কিছু উদ্যোগ এবং তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ‘থ্রি জিরো’ ভিশন (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ) নিয়ে নতুন করে কাজ শুরু করার পরিকল্পনা করছেন তিনি। এছাড়া বিদেশ থেকেও তাঁর কাছে অসংখ্য সফরের আমন্ত্রণ আসছে, যা দেখভাল করছেন এসডিজি’র সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। আগামী মাসে পাঁচ দিনের সফরে তাঁর জাপানে যাওয়ার কথা রয়েছে।
যমুনায় আগের মতো রাষ্ট্রীয় ব্যস্ততা না থাকলেও ড. ইউনূস নিয়ম মেনে প্রতিদিন সকাল-বিকেল কম্পাউন্ডের ভেতরে হাঁটাহাঁটি করেন। তিনি তাঁর কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন, যারাই তাঁর সঙ্গে দেখা করতে চান, তাদের যেন সুযোগ দেওয়া হয়। এখন তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শুনছেন এবং তাঁদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করছেন। দিনের বাকিটা সময় তিনি তাঁর অসুস্থ স্ত্রীকে সময় দিচ্ছেন। এছাড়া অবসর সময়ে মেয়ের দুই প্রিয় বিড়াল ‘মিনু’ ও ‘কায়রো’র সঙ্গেও তাঁর আনন্দঘন সময় কাটছে।
ড. মুহাম্মদ ইউনূস তাঁর কূটনৈতিক (লাল) পাসপোর্টটি এরই মধ্যে হস্তান্তর করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি তাঁর সরকারের মেয়াদ থাকাকালীনই অর্থাৎ এক সপ্তাহ আগেই পাসপোর্টটি ছেড়ে দিয়েছেন। শুধু তিনিই নন, তাঁর মন্ত্রিসভার প্রায় ২০ জন উপদেষ্টা ও সমপদমর্যাদার ব্যক্তিও তাঁদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন বলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ দেড় বছর দেশ পরিচালনা শেষে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন অধ্যাপক ইউনূস। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশ পরিচালনা করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments