ইস্টার সানডেতে নিহত হন ২৭৯ জন
বোমা হামলায় জড়িত থাকায় শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার
২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লেকে গ্রেপ্তার করেছে দেশটির সিআইডি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তাকে হেফাজতে নেওয়া হয়। সিআইডির এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, হামলার ষড়যন্ত্র, সহায়তা ও মদদের অভিযোগে তাকে আটক করা হয়েছে।
পেছনের প্রেক্ষাপট
২০১৯ সালের ইস্টার সানডেতে সকালবেলা প্রায় একই সময়ে ছয়টি স্থানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। হামলার লক্ষ্য ছিল তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেল। এতে ৫০০ জনের বেশি মানুষ আহত হন এবং নিহতদের মধ্যে ৪৫ জন বিদেশি নাগরিক ছিলেন। এই হামলার পর পর্যটননির্ভর শ্রীলঙ্কার অর্থনীতি বড় ধাক্কা খায়।
সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ক্ষমতায় আসার পর ২০১৯ সালে সুরেশ সাল্লেকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দেন। তবে তার বিরুদ্ধেই হামলায় সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
নতুন করে বিতর্ক
ব্রিটিশ সংবাদমাধ্যম চ্যানেল ফোর ২০২৩ সালের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করে, হামলার আগে সাল্লে হামলাকারীদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং তাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এক হুইসেলব্লোয়ারের দাবি, ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করার উদ্দেশ্যে হামলার অনুমতি দেওয়া হয়েছিল।
হামলার দুই দিন পর রাজাপক্ষে প্রেসিডেন্ট পদে প্রার্থীতা ঘোষণা করেন এবং নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন।
২০২৪ সালে অনুরা কুমারা দিশানায়ক প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সুরেশ সাল্লেকে পদ থেকে অপসারণ করা হয়। সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় ইস্টার সানডে হামলা মামলা নতুন মোড় নিল।
উল্লেখ্য, হামলার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা সম্ভাব্য বড় হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল বলে জানা যায়, তবে সেই সতর্কতা যথাযথভাবে আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
সূত্র: আলজাজিরা
মানবকণ্ঠ/আরআই




Comments