বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি বক্তব্য দেওয়ার অভিযোগে এই নোটিশ পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশ পাঠান।
সংসদ সচিবালয় এবং আইন সচিবের কাছে পাঠানো এই নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই বিপ্লবকে ছোট করে বা অসম্মান করে যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর পদের শপথের সুস্পষ্ট লঙ্ঘন। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এমন মন্তব্য তাঁর সাংবিধানিক অবস্থানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বর্তমান রাষ্ট্রপতিকে দ্রুত অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে। নবগঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যেন নতুন কোনো রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে উদ্বোধন করা হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে অনুরোধ জানানো হয়েছে।
আবেদনকারী ব্যারিস্টার শাহরিয়ার জানিয়েছেন, এই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী উচ্চ আদালতে রিটসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments