পুলিশ বাহিনীতে জনবল সংকট নিরসনে বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি শিগগিরই আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধিতে এই নিয়োগ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত পরীক্ষা পদ্ধতি অনুসরণ করেই স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন করা হবে। পুলিশ সার্জেন্টের ১৮০টি পদে নিয়োগের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে।
পুলিশ সদস্যদের পোশাক পরিবর্তনের দীর্ঘদিনের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইউনিফর্ম পরিবর্তনের দাবি জানানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশের শূন্যপদগুলো পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সার্জেন্ট পদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার অংশ হিসেবে এই জনবল নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments