Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই আবেদনের পরিপ্রেক্ষিতে আসনটির যাবতীয় ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নির্বাচনি নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচনি ট্রাইব্যুনাল।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির পক্ষ থেকে এই আসনটির ফলাফল চ্যালেঞ্জ করা হয়। শুনানি শেষে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ নথিপত্রগুলো সুরক্ষার স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার এই আদেশ দেন।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে এই ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। ওই দিনই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই ট্রাইব্যুনালই এখন থেকে নির্বাচনি সংক্ষুব্ধ ব্যক্তিদের আবেদনের শুনানি গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচিত সংসদ সদস্যদের নামে ইতোমধ্যে গেজেট প্রকাশিত হলেও আইনি জটিলতা ও উচ্চ আদালতের নির্দেশনার কারণে কয়েকটি আসনের ফলাফল নিয়ে বিতর্ক রয়ে গেছে। এরই ধারাবাহিকতায় এবার শেরপুর-১ আসনের নির্বাচনি স্বচ্ছতা যাচাইয়ে আদালতের শরণাপন্ন হলো বিএনপি।

মানবকণ্ঠ/ডিআর