Image description

'ফ্যামিলি কার্ড' নিয়ে ভুয়া খবর বা ফেক নিউজ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এসব অপপ্রচার রোধে এবং মানুষকে আশ্বস্ত করতে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর—এই চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, "ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে অনেকেই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কীভাবে এই অপপ্রচার প্রতিরোধ করা যায় এবং কমিয়ে আনা যায়, সে বিষয়ে আমাদের কাজ করতে হবে। মানুষকে আশ্বস্ত করতে হবে, তাদের কোনোভাবেই বিভ্রান্ত হতে দেওয়া যাবে না। কারণ এটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প।"

তিনি আরও জানান, আগামী ১০ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী এই ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। এটি যেন সম্পূর্ণ নির্ভুল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, "বর্তমান সরকার এবং প্রশাসনের সাথে যুক্ত কোনো কর্মকর্তা-কর্মচারী কোনোভাবেই দুর্নীতিতে লিপ্ত হবেন না। কোনো ধরনের দুর্নীতি যেন আমাদের কাউকে স্পর্শ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।"

মানবকণ্ঠ/আরআই